ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে ১৩ হাজার কেজি ওজনের জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই বোমার আঘাত লেগেছে বাংলাদেশের শেয়ারবাজারেও। ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রভাবে একদিনে বড় পতন ঘটেছে শেয়ারবাজারে। সকালে হামলার খবরে রোববার (২৩ জুন) দেশের শেয়ারবাজারে বড় সূচক কমেছে ৭৭ পয়েন্ট।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্রের বোমা ফেলার ঘটনায় দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আতঙ্কের কারণেই লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা গেছে। যা সারাদিন অব্যাহত ছিল।
রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৬৭৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২২ পয়েন্ট।
এদিন ডিএসইতে ২৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৫ কোটি ১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৩০ লাখ টাকার বা ১১ শতাংশ।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬টি বা ৪.০৩ শতাংশের। আর দর কমেছে ৩৬৫ টি বা ৯১.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬টির বা ৪.০৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৩টির, কমেছে ১৫৯টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৯৯ পয়েন্টে।
আগের দিন সিএসইতে ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়েছিল।