Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ সিপিসির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ২০:২৮ | আপডেট: ২৪ জুন ২০২৫ ০০:৫২

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে বিএনপির বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় চীনের কমিউনিস্ট পার্টি। একইসঙ্গে চীনের ক্ষমতাসীন দলটি বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দলটি।

সোমবার (২৩ জুন) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বৈঠকে এই সব বিষয়ে আলোচনা হয়। চীনের রাজধানী বেইজিংয়ে ‘গ্রেট হলে’ দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিএনপি মহাসৃচিবের প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে চীনের ক্ষমতাসীন দলের এই বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও কিভাবে দৃঢ় করা যায়, দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ-রাজনীতি প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের একজন সদস্য সাংবাদিকদের জানান, এই বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন, বিএনপি মহাসচিবের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়। লি হংঝং চীনের কমিউনিস্ট পার্টির ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্টান্ডিং কমিটির যে ক’জন ভাইস চেয়ারম্যান আছেন তাদের মধ্যে সর্ব শীর্ষে আছেন।

বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপস’ হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এটি চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদর দফতরও। বিকেল ৪টায় গ্রেট হলে এসে পৌঁছালে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তারা।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ‘এয়ার চায়না’র ফ্লাইটে বেইজিং পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এরপর তারা দুপুর ২টা থেকে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিএনপির প্রতিনিধি দলটি রাতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনও পরিদর্শন করার কথা রয়েছে।

উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচদিনের সফরে বিএনপি মহাসচিবের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যান।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো