Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা: অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৮:২৬

মানববন্ধন

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিয়ম-দুর্নীতি ও চিকিৎসা সেবার বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বছরের পর বছর ধরে একই স্টেশনে থাকা টিএইচও ডা. শিউলী পারভীনসহ স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন— স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আজমল হোসেন, মায়েল হোসেন, তরুণ সমাজসেবক বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকুরি পাওয়া এই টিএইচও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও নানা দুর্নীতি করেছেন। তিনি একই স্টেশনে পাঁচ বছরের অধিক সময় ধরে আছেন। টিএইচও’র দুর্নীতির সহযোগী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী মিজানুর রহমান ১৭ বছর ধরে এখানে আছেন। তাদের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা দুর্নীতিবাজদের অপসারণ চাই।

বক্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা বঞ্চিত উপজেলাবাসী। এখানে রোগীদের সঙ্গে চিকিৎসক, নার্স ও স্টাফদের অসদাচরণ, সরকারি বরাদ্দকৃত ওষুধ রোগীদের না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে।

এসব অনিয়মের বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলী পারভীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো