Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আওয়ামী শাসনে দেশ পরিণত হয়েছিল জ্বলন্ত আগ্নেয়গিরিতে: শফিকুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২৩:২৯ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:৩৫

সাধারণ মানুষের সঙ্গে জামায়েতের মতবিনিময় সভা

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী শাসনে দেশ পরিণত হয়েছিল একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী শাসনে দেশ পরিণত হয়েছিল একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে। নির্বাচনের আগে আমাদের প্রার্থীদের বাধা দেওয়া হয়, কর্মীদের তুলে নিয়ে আটক করে নির্যাতন চালানো হয়। এটি কোনো সভ্য সমাজে কাম্য নয়। আগুনকে ছাইচাপা দিয়ে রাখা যায় না—শেষ পর্যন্ত ফ্যাসিবাদের তখতে তাউস ভেঙে পড়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ দুঃশাসনে দেশ অপরাধ ও মাফিয়াদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। হত্যা, গুম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসে দেশ ছিল কার্যত অকার্যকর। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহে এখন পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। জনগণ আমাদের ওপর আস্থা রাখলে আমরা ন্যায়-ইনসাফভিত্তিক আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব,’ বলেন জামায়াত আমির। সেই সঙ্গে তিনি সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

শহিদ আবু সাঈদের আত্মত্যাগই দেশে ফ্যাসিবাদী শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফিয়াতান্ত্রিক শাসন থেকে মুক্তি দিয়েছেন। যুব সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম, লস্কর মো. তসলিম এবং ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো