Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৪০

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টে দ্বি-পাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জুলাই মাসে এই সফরের কথা ছিল। কিন্তু ওই মাসে অনেক প্রোগাম থাকার কারণে সফরটি আগস্টে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে ওআইসি সম্মেলনসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সময়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ, চীন ও পাকিস্তান তিন দেশের জোট হচ্ছে না। কিছু অফিসিয়াল বিষয়ে নিজেদের মধ্যে ঐক্যমত হয়েছে।’

বিজ্ঞাপন

গত ১৯ জুন চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্য সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিন দেশের প্রতিনিধিরা কানেকটিভিটিসহ বেশকিছু বিষয়ে একমত হয়েছেন। মূলত চীনের আগ্রহে এটি হয়েছে। এর বাইরে কিছু নয়। পাকিস্তানও নিজেদের আগ্রহের বিষয়টি এই সময়ে উত্থাপন করে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমরা এমন বিষয়ে অন্য দেশের সঙ্গেও প্লাটফর্ম করতে পারি। ভারত ও নেপাল চাইলে এমন আরেকটি প্লাটফর্ম বাংলাদেশ করতে পারে। শুধুমাত্র দেশের নামের কারণে এমন আলোচনা হচ্ছে। অন্যদেশের সঙ্গে এমন প্লাটফর্ম হলে তেমন গুরুত্ব পেত না।’

বৈঠকের বিষয়ে তিনি আরও বলেন, ‘এই বৈঠক কোনো পক্ষকে কোণঠাসা করার উদ্দেশ্যে নয়, বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।’

তিনি জানান, আসিয়ানের সদস্য রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী এবং এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো প্রত্যাবাসন। এ বিষয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো একমত।’ আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো