Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা’

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২০:২৬ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১০:৫৬

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেইসব মহান শহিদদের মনে রাখার প্রধান ধাপ হলো- এমন বাংলাদেশ গঠন করা যেখানে নতুন করে হাসিনার মতো ফ্যাসিবাদ চেপে বসতে না পারে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এবি পার্টির ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান আরও বলেন, ‘রাজনৈতিক নেতাদের মনে রাখতে হবে রাজনীতিতে দিল্লির মতো কোনো বিদেশি শক্তি যেন আর বাংলাদেশের মাথায় ছড়ি ঘুরাতে না পারে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে বেশকিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হয়েছে। আবার কিছু ক্ষেত্রে মতের মিল হয়নি। কিন্তু জুলাই শহিদদের আমরা ভুলতে পারি না, এটা ভুলে গেলে আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে।’ সংবিধানের সত্তুর অনুচ্ছেদ সংশোধন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ২ মেয়াদ বা ১০ বছরের বেশি না করার ঐকমত্যকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ শেষে আবার যেন কেউ রাষ্ট্রপতি নির্বাচন করার সুযোগও না পায় সেটা খেয়াল রাখার জন‍্য তিনি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গণঅভ্যুত্থান ছাড়া বাংলাদেশ পরিবর্তন সম্ভব হবে না এবং তরুণরা সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেবে এটি মাহমুদুর রহমান বার বার বলতেন। শেষ পর্যন্ত মাহমুদুর রহমানের কথাই প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিলেন।’

মঞ্জু বলেন, ‘স্বাধীন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক হয়েছিলাম। আজ কেন সংস্কার নিয়ে এত দ্বিধা।’ মতাদর্শ কিংবা ক্ষমতাকেন্দ্রিক জোট নয়, বৈষম‍্যবিরোধী ও সংস্কারের পক্ষের সব গণতান্ত্রিক শক্তির জোট গঠনে এবি পার্টির আগ্রহ রয়েছে বলে তিনি জানান।

সভায় আরও বক্তব্য দেন- এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তারসহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো