Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি / ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৫:১৮

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় হওয়া মামলার আসামিদের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ জুলাই) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ মামলায় আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার রয়েছেন দুজন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আরও অনেকের সম্পৃক্ততা রয়েছে বলে আদালতকে জানান প্রসিকিউটর তামিম। এজন্য তিন মাসের সময় চান তিনি। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদনের একটা অংশ জমা দেওয়ার কথা জানান। পরে আদালত আগামী ১৪ সেপ্টেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়াসহ শুনানির জন্য দিন ধার্য করেন।

এদিন রামপুরা এলাকায় গণহত্যার মামলায় দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমান সাহা ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা।

এর আগে, ৫ জুলাই রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ১৯ জুলাই বিকেলে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বনশ্রী-মেরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ-বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে উঠেন তিনি।

ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। একপর্যায়ে জীবন বাঁচাতে ওই নির্মাণাধীন ভবনটির ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন আমির। কিন্তু তাকে দেখে ফেলে পুলিশ। পরে তার ওপর ছয়টি গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে তিন তলায় পড়ে গেলে তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করেন। এরপর বনশ্রীর একটি হাসপাতালে নেয়া হয়। ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফেরেন ভুক্তভোগী এই তরুণ।

গত ২৬ জানুয়ারি রাতে আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো সাবেক এএসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বাধীন ঢাকা মহানগর পুলিশের একটি দল। এ ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করা হয়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো