Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্য সমুন্নত রাখার আহ্বান ড. কামাল হোসেনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২৩:৫৪

গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর শোকসভা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য সমুন্নত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের ইমিরেটারস সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘জুলাই-আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশ গড়ার কাজে তারুণ্যের এই শক্তিকে যেমন কাজে লাগাতে হবে তেমনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেদিকে সকলকে সর্তক থাকতে হবে। জাতীয় ঐক্যকে সমুন্নত রাখতে হবে।’

বিজ্ঞাপন

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা উপেক্ষা করারও সুযোগ নেই। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে দক্ষতার সঙ্গে বিষয়গুলো সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মোস্তফা মোহসীন মন্টুর দুইটি বিষয় আমার মনে পড়ে, সেটা হচ্ছে- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তার এভাবে চলে যাওয়া আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি তাদের জন্য বেদনার। তবে মন্টু যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য অনেক কিছু শেখার আছে। মন্টুর আত্মা শান্তি পাবে যদি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে।’

শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি নুরুল শরীফ আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল কাদের আলমাস, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক ও সুরাইয়া বেগম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো