Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৩:৪৩

নরসিংদী সদর হাসপাতাল।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (২১ জুলাই) দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় দু’পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

জেলার রায়পুরা উপজেলার সায়েদাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই হানিফ মাস্টারের অনুসারীদের সঙ্গে যুবলীগের এরশাদ এবং ফিরোজ মেম্বার অনুসারীদের বিরোধ চলছিল। এরই জের ধরে হানিফ মাস্টার অনুসারীদের ওপর হামলা চালায় যুবলীগের অনুসারী এরশাদ ও ফিরোজ মেম্বারের লোকজন।

নিহত মোমেনা বেগম (৪৫) রায়পুরা উপজেলার সায়েদাবাদ এলাকার আক্তার হোসেনের স্ত্রী এবং হানিফ মাস্টারের সমর্থক ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় এলোপাতাড়ি গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত মোমেনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, অন্যান্য আহতরা নরসিংদীর জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো