Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবতাবিরোধী অপরাধ / মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আ.লীগ নেতার আপিলের রায় ৩০ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৬:২২

আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেন

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের খালাস চেয়ে করা আপিলের রায় আগামী ৩০ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে, ৮ জুলাই মোবারক হোসেনের করা আপিলের ওপর শুনানি শুরু হয়। ওই দিন মোবারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক। এ বিষয়ে আরও শুনানির জন্য ১৫ জুলাই দিন ধার্য করা হয়। তবে ওই দিন শুনানি হয়নি। এরই ধারাবাহিকতায় আজ শুনানি শেষ হয়।

বিজ্ঞাপন

২০১৪ সালের ২৪ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। কিন্তু গত ১১ বছরেও শুনানি হয়নি। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এর মধ্যে ১ নম্বর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টান মান্দাইল গ্রামের ৩৩ জনকে গঙ্গাসাগর দীঘির পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর ৩ নম্বরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী আব্দুল খালেককে অপহরণ করে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তৎকালীন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আইসিটি দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন মোবারক হোসেন।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো