Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘কাইন্দেন না’ বলতেই অঝোরে কাঁদলেন পলক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ০৮:৪০ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৩:১৮

প্রিজনভ্যানে জুনায়েদ আহমেদ পলক।

ঢাকা: জুনায়েদ আহমেদ পলক, যিনি আওয়ামী লীগ সরকারের একজন আস্থাভাজন প্রতিমন্ত্রী ছিলেন। সবসময় আলোচনার কেন্দ্রে ছিল তার নাম। ক্ষমতার পালাবদলের পর এক ভিন্ন পরিস্থিতিতে পড়েছেন তিনি। একসময়কার প্রভাবশালী এই নেতাকে দেখা গেল প্রিজনভ্যানে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে, হাতে ছিল তার হাতকড়া।

এমনই ঘটনা ঘটেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে। বুধবার (২৩ জুলাই) অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রীকে আদালতে হাজিরা দিতে আনা হয়। এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে কাঁদতে থাকেন পলক।

আদালতের হাজতখানার কিছুটা দূরে রাখা ছিল প্রিজনভ্যান। মামলার কার্যক্রম শেষে পলককে সেদিকে নিয়ে যাচ্ছিল পুলিশ। একপর্যায়ে তার কাছাকাছি নিজ এলাকার কিছু মানুষ চলে আসেন। তাদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আপনার জন্য দোয়া করি।’ তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

এর মধ্যেই পলককে প্রিজনভ্যানে তোলে পুলিশ। এরপর প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে মাথা উঁচু করে লোকজনের উদ্দেশ্যে পলক বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’

এ সময় একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই।’ এ কথা শোনার পর কাঁদতে শুরু করেন পলক। তখন সেই লোক বলতে থাকেন, ‘পলক ভাই, কাইন্দেন না।’ এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজনভ্যান। গত বছরের ১৫ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ।

অর্থপাচার মামলায় পলকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। তবে এদিন মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা। গত বছরের ১২ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পলকের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/আরএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো