Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃহস্পতিবারের মধ্যে পরামর্শ-আপত্তি জানানোর আহ্বান আলী রীয়াজের

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২০:০৭

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ । ফাইল ছবি

ঢাকা: সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও আপত্তি বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে জানানোর আহ্বান জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২২তম দিনের বৈঠকে সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সংশোধনী ও সংযোজনীগুলো পাঠানো হয়েছে। যদিও প্রতিটি অনুচ্ছেদ ধরে আলোচনা সম্ভব নয়, তবে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো নিয়ে দলগুলোর মতামত সংগ্রহের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল— সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব (অনুচ্ছেদ ৪৮-৩), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন ও এখতিয়ার, সদস্য নির্বাচনের পদ্ধতি, মৌলিক অধিকার সম্প্রসারণ এবং রাষ্ট্রের মূলনীতি।

আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য একটি গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক ঐক্যমতের খসড়া সনদ চূড়ান্ত করা। আজকের আলোচনা সন্ধ্যা পর্যন্ত চলতে পারে এবং প্রয়োজনে কালও বাড়ানো হতে পারে।’

তিনি জানান, সংসদে নারী প্রতিনিধিত্ববিষয়ক একটি লিখিত খসড়া দলগুলোর কাছে হস্তান্তর করা হবে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাবও আলাদাভাবে দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের বিষয়টি এদিন আলোচনায় তোলা হয়নি। তিনি বলেন, ‘এটি এখনো উপস্থাপন করা হয়নি, তবে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্য রয়েছে।’

পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে সব দলের মধ্যে এখনো পূর্ণ ঐকমত্য হয়নি বলে জানান আলী রীয়াজ। তিনি বিএনপির সুস্পষ্ট পরামর্শ ও অবস্থান জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এখন আমাদের ভাবতে হচ্ছে, ভিন্নমতের জায়গাগুলো কীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা যায়।’

এদিনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো