কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে কাছের এক আবাসিক এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে দুপুর ৩টার দিকে কাইম্বুর কাছে এটি বিধ্বস্ত হয়।
বিমানটি উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইজার উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের পরই বিমানটি নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে অ্যামেরফ এর কর্মী ও ক্রু সদস্যসহ মোট চারজন ছিলেন।
নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানিয়েছেন, বিমানটির পাইলট, চিকিৎসক ও নার্সসহ বিমানে থাকা চার ব্যক্তি এই ঘটনায় নিহত হয়েছেন। এছাড়াও বিমানের বাইরে থাকা আরও দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার তৎপরতা জোরদার করতে কেনিয়ার সশস্ত্র বাহিনীর ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, টেকঅফের তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, দেশটির গোয়েন্দা ও তদন্তকারী টিম এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে রয়েছেন।