ময়মনসিংহ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তার নিজ এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ফুলবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের অভিযোগ হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
আজ আসরের নামাজের পর উপজেলার ভাটিপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাংবাদিক তুহিনকে দাফন করা হবে। তিনি ওই গ্রামের হাসান জামিলের ছেলে।
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।