নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে ৯টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাতবোমা ও ৩টি বগিদা জব্দ করা হয়।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার রিফাত আহমেদ। এর আগে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাটের বিসমিল্লাহ মৎস্য আড়ত থেকে তাকে আটক করা হয়।
আটক আবু বক্কর সিদ্দিক নিজাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়তে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বগিদা ও হাতবোমাগুলো জব্দ করা হয়। নিজাম দীর্ঘদিন ধরে এ ঘাটে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন।
লে. কমান্ডার রিফাত আহমেদ বলেন, আবু বকর সিদ্দিক নিজামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হবে।