রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ৫টি ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন। তবে অভিযানের আগেই ড্রেজার মালিকরা পালিয়ে যায়।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান।
অভিযানে দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফকির পাড়ায় ২টি, গফুরের দোকানসংলগ্ন এলাকায় ১টি, ৬নং ওয়ার্ডের সৈদালী পাড়ায় ১টি এবং ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া প্রাইমারি স্কুলের সামনে আরও ১টি ড্রেজার ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজার বিকল করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।’