রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন—ফরিদপুর কোতোয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের ফয়সাল শেখ (২২), গোয়ালন্দের রাকিব মোল্লা (২১) ও সজিব মোল্লা (২৪)।
পুলিশ জানায়, ৫ আগস্ট বিকেলে গোধুলী পার্ক এলাকায় এক তরুণীকে তার বন্ধু সোহানসহ ফাঁকা স্থানে নিয়ে গিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে সোহানকে তাড়িয়ে দিয়ে তরুণীকে পার্শ্ববর্তী একটি ক্ষেতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।
ঘটনার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণ মামলা হলে পুলিশ পরদিনই অভিযুক্তদের গ্রেফতার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।