ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বরে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। এতে ভবনটির বাসিন্দারা ও আশেপাশের লোকজন ভীত হয়ে পড়েছেন। ভবনটির মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাশের রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে এই ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার পর মিরপুর ১২ নম্বরের ব্লক-ডি এর ৪ নম্বর রোডের ৩ নম্বর ভবনটি হেলে যায়।
সরেজমিনে দেখা গেছে, ছয়তলা ভবনটি একপাশে হেলে গিয়ে পাশের আরেকটি ভবনের ওপর কাত হয়ে আছে। ভবনের ভেতরে বড় ধরনের ফাটলও দেখা দিয়েছে। হেলে পড়ার পরই আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
ভবনের মালিক আব্দুর রব ময়াজী বলেন, ‘রাতের বেলায় হঠাৎ করেই ভবনটি হেলে পড়ে। সামনে রাস্তা খনন করার কারণেই এমনটি ঘটেছে। দীর্ঘদিন ধরে ভবনটির সামনের রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। এই রাস্তার কারণেই ভবনটি হেলে পড়েছে।’
মিরপুর পল্লবীর ডিওএইচএস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজান বিশ্বাস জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার ভবনটির নকশা পরীক্ষা করে দেখা হবে, ছয় তলা করার অনুমতি ছিল কিনা। এরপরই বিস্তারিত তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।