চুয়াডাঙ্গা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কেউ পাত্তা পাবে না। এবার সরকার গঠন হবে ধানের শীষের সরকার।’
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে আয়োজিত বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম কাউনাইন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।
দুদু বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাই বিএনপির বিজয়ের বার্তা। শুধু তারিখ নয়, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার তাদের কাজ করছে, এখন আমাদেরও প্রস্তুত থাকতে হবে। দেশের প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।’
তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানকে একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা বলে অভিহিত করেন এবং বলেন, ‘এই প্রেরণায় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছে।’
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও দৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হয়ে সরকার গঠন করবে, যারা কৃষক, শ্রমিক, শিক্ষিত বেকারদের জন্য বাস্তব সমাধান আনবে।’
‘শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন, বার বার বলতেন মুজিব কন্যা পালাই না। আপনার দৌড় বাংলাদেশের মানুষ দেখেছে। মুজিবের কন্যা বাংলাদেশকে অপমান করেছে। যারা বর্ডার বন্ধ, ভিসা বন্ধ ও প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে, শেখ হাসিনা জীবন বাঁচানোর জন্য সেই ভারতে পালিয়েছে। ’
তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে ধানের শীষের সরকার গঠনের। এ সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘামের মূল্য দেবে এবং দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ তৈরি করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা বোরহান উদ্দিন, আনিসুর রহমান, নাসির উদ্দিন, মাগরিবুর রহমানসহ পৌর বিএনপি ও উপজেলার ১৫টি ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতারা।