ঢাকা: আগামীর বাংলাদেশ গঠনে নারীদের প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তার মতে, ‘যোগ্যতা, কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে নারীরা এগিয়ে, তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি।’
শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে থেকে নারীদের এগিয়ে আনার চেষ্টা করা হলেও জাতীয় পর্যায়ের বড় অনুষ্ঠানে তাদের প্রাপ্য জায়গা দেওয়া হয় না, যা হতাশাজনক। ৫২’র ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত নারীরা সামনের সারিতে ছিলেন, কিন্তু আন্দোলন শেষে তাদের প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ করে দেওয়ার প্রবণতা ছিল, যা গ্রহণযোগ্য নয়।
‘দেশের ৫১ শতাংশ নারীকে আর পেছনে রাখা যাবে না। অধিকার কেউ দিয়ে যায় না, তা আদায় করে নিতে হয়’ — বলেন ফরিদা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জান্নাতুল নাঈম প্রমী। বক্তব্য দেন শহীদ আবরার ফাহাদের মা, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা, শহীদ নাঈমা সুলতানার মা এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা আইমান।
এদিন ১০০ নির্বাচিত নারীকে ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নারীদের অনুপ্রাণিত করতে তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প তুলে ধরা হয়।