ঢাকা: যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চসহ ১৮টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ আগস্ট) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
এতে সরাসরি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বৈঠকে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, রাশেদ খান, জাতীয় গণতান্ত্রিক পর্টির ববি হাজ্জাজ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মো. মিজানুর রহমান ও বিজিপির ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ প্রমুখ।

তারেক রহমান বলেন, ‘আমরা একসঙ্গে রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ পতন করতে পেরেছি। জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। কিন্তু, এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সবাইকে সজাগ থাকবে হবে এবং ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। যাতে আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আমরা সকলে মিলে বাংলাদেশকে ৩১-দফার ভিত্তিতে গণতান্ত্রিক ভাবে পরিচালিত করতে পারি।’