Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ছাত্রদল নেতার হাতে যুবদল কর্মী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৪:০৭ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৭:৩০

নিহত যুবদল কর্মী রনি হোসাইন।

সিলেট:  সিলেটের গোলাপগঞ্জের এক ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন (৩৪) নামের এক যুবদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলায় ছুরিকাঘাতে রনিকে হত্যা করা হয়।

নিহত রনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে। রনি হোসাইন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন এবং তারা একে অপরের বন্ধু ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন যুবদল কর্মী রনি হোসাইন। পোস্টে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন রনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে রনি লেখেন, ‘এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত স্ত্রীকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম, এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করছে সে এখন।’

এই লেখার সঙ্গে রাজু ও এক নারীর ছবি আপলোড করেন রনি। এর আগেও একই বিষয়ে একাধিকবার পোস্ট করেছিলেন তিনি।

ফেসবুক পোস্টের ঘণ্টাখানেক পর রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন রনি। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন রাজু।

যুবদল কর্মী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এখনও মামলা হয়নি। নিহত রনির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো