Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দিল কোয়ান্টাম ফাউন্ডেশন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০০

তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মাননা । ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতার মহৎ উদ্যোগকে স্বীকৃতি জানিয়ে তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, ‘স্বেচ্ছা রক্তদান এমন এক মানবিক উদ্যোগ, যার প্রতিদান মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়—এ প্রতিদান কেবল স্রষ্টাই দিতে পারেন।’ তিনি আরও বলেন, ‘আপনার রক্ত আমার জীবন—এ যেন এক মায়ার বন্ধন। রক্তের প্রকৃত গুরুত্ব বোঝেন কেবল একজন রক্তগ্রহীতা। তাই প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র মানুষকে রক্তদানে আরও উৎসাহিত করা প্রয়োজন।’

বিজ্ঞাপন

ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, কমপক্ষে ৩ বার রক্তদানকারীদের লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারে গোল্ডেন এবং ৫০ বার রক্তদানে প্লাটিনাম ক্লাবের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবার অনুষ্ঠানে এমন তিন শতাধিক রক্তদাতার হাতে প্রধান অতিথি সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।

রক্তদাতাদের মধ্যে ‘ও’ পজেটিভ গ্রুপের ৫১ বারের দাতা রুবাইয়াত হাসান সিরাজ নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। অন্যদিকে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা ফারহান তানভীর স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারী। স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের পরিচালক (মোটিভেশন) এম রেজাউল হাসান জানান, গত দুই যুগে প্রায় ১৭ লাখ ৩০ হাজার ইউনিট রক্ত সরবরাহ করে কোয়ান্টাম ফাউন্ডেশন সেবা দিয়েছে। তিনি তরুণদের মানবিক এ কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান, যাতে দেশের রক্তের চাহিদা পূরণে আর কোনো ঘাটতি না থাকে।

চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করেন, কৃত্রিমভাবে রক্ত তৈরি করা সম্ভব নয় এবং প্রাণীর রক্ত মানুষের শরীরে সঞ্চালনযোগ্য নয়। তাই একজন মানুষের প্রয়োজনে অন্য মানুষের রক্তদান ছাড়া বিকল্প নেই। চিকিৎসকেরা আরও বলেন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি চার মাস অন্তর অনায়াসেই রক্ত দিতে পারেন, এতে শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে না বরং তা স্বাস্থ্যের জন্য উপকারী।

সারাবাংলা/ইএইচটি/এসএস
বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর