Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতার ‘অবমাননাকর’ মন্তব্যে ডাকসুর নিন্দা

ঢাবি করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কর্তৃক ‘অবমাননাকর’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (২১ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সই করা এক বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়েছে, “ডাকসু নির্বাচনের পর বিএনপির শীর্ষ পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’-এর মতো ঘৃণ্য বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদরাসায় রূপান্তরের মন্তব্য করেছেন। তার এই মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি চরম বিদ্বেষ এবং সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব প্রকাশ পেয়েছে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ঘৃণ্য মনোভাবের বহিঃপ্রকাশ জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীত।”

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি মাল্টি-কালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।

বিএনপি নেতা ফজলুর রহমানকে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দৃঢ়ভাবে জানাচ্ছে’এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাডভোকেট ফজলুর রহমানকে তার এমন দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।”

এতে বলা হয়েছে,”ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ যেকোনো বর্ণবাদী ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে ডাকসুর অবস্থান জারি থাকবে।”

সারাবাংলা/কেকে/এসআর