ঢাকা: আগামী ৬ অক্টোবর, ২০২৫ আকাশে দেখা যাবে এ বছরের প্রথম সুপারমুন। এদিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসবে, ফলে স্বাভাবিকের তুলনায় এটি অনেক বড় ও উজ্জ্বল দেখাবে।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, এ সময়ের সুপারমুনকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’। প্রতি বছর শরৎকালের শুরুতে বা শারদ বিষুবের কাছাকাছি সময়ে এ দৃশ্য দেখা যায়। সূর্য যখন নিরক্ষরেখার ওপর দিয়ে অতিক্রম করে দিন-রাতের দৈর্ঘ্য সমান হয়, তখন উদিত পূর্ণিমার চাঁদ দিগন্তের কাছে বিশেষভাবে সোনালি-কমলা রঙে ঝলমল করে ওঠে।
চলতি বছর মোট তিনটি সুপারমুন দেখার সুযোগ থাকবে। এর প্রথমটিই হলো অক্টোবরের এই হার্ভেস্ট মুন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আকাশে ৬ ও ৭ অক্টোবর দুই রাতেই সুপারমুন দেখা যেতে পারে। বিশেষ করে চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকবে, তখন এটি আরও বড় এবং রঙে গাঢ় দেখাবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এই চাঁদের সৌন্দর্য উপভোগ করা যাবে। তবে, আলোদূষণ কম এমন পরিবেশে দৃশ্যটি সবচেয়ে পরিষ্কারভাবে দেখা সম্ভব হবে।
হার্ভেস্ট মুন নামের উৎপত্তি কৃষির সঙ্গে জড়িত। প্রাচীনকালে কৃষকেরা ফসল কাটার মৌসুমে সন্ধ্যার পরও উজ্জ্বল পূর্ণিমার আলো ব্যবহার করে মাঠে কাজ করতেন। সেই কারণেই এ সময়ের পূর্ণিমাকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’।