Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৪৪

প্রতীকী। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর জুরাইন পোস্তগোলা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সজিব হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে জুরাইন পোস্তগোলা আদ-দ্বীন হাসপাতালের পেছনে রেললাইনের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার মৃত ঘোষণা করেন।

সজিবকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন ও জুয়েল জানান, সজিব গাড়ির ইঞ্জিন মেকার। থাকেন পোস্তগোলা কুলিবাগান তেলের মিল এলাকায়। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। বাবার নাম ইয়াদ আলী।

বিজ্ঞাপন

তারা আরও জানান, দুই মাস আগে সজিবের কাছ থেকে একই এলাকার শাহিন নামে এক যুবক ছয় হাজার টাকা ধার নেয়। এর পর বিভিন্ন সময় সেই টাকা ফেরত চান সজিব। তবে ফেরত দেয়নি। চলতি মাসের ৩ তারিখ টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল। তবে সেই তারিখ পার হয়ে গেলেও টাকা দেয়নি। আজ বিকেলে তিনি শাহিনের কাছ টাকা চাইতে গেলে সজিবকে আদ-দ্বীন হাসপাতালের পেছনে রেললাইনের পাশে চায়ের দোকানে অপেক্ষা করতে বলে। সজিব চায়ের দোকানে বসে অপেক্ষা করছিলেন।

তারা জানান, এর কিছুক্ষণ পর পেছন থেকে এসে সজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে শাহিন। তখন আশপাশে থাকা পরিচিতরা তাকে থামিয়ে সজিবকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই সজিবকে গুরুতর জখম করে শাহিন দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, শাহিন মাদককারবারি। এছাড়া, পুলিশের সোর্স হিসেবে কাজ করে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ওই যুবককে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পিঠে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর