Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে: নৌবাহিনী প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪

পতেঙ্গায় বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিতে আয়োজিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান।

চট্টগ্রাম ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নগরীর পতেঙ্গায় বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের প্রশিক্ষণ শেষে রীতি অনুযায়ী এ ‍কুচকাওয়াজের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ ও ক্রাফটসহ আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি।’

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বর্তমান প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সিম্যুলেশন ভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্ল্যাটফর্ম সংযোজন ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দেশীয় প্রযুক্তিতে ও নিজস্ব সক্ষমতায় লার্জ পেট্রোল ক্রাফট, এলসিটি, ডাইভিং বোট নির্মাণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহ থেকে হেলিকপ্টার, আনম্যান্ড এয়ারক্রাফট, বিভিন্ন সক্ষমতার জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে।’

‘সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রপথে অপরাধ দমন, প্রাকৃতিক দুর্যোগে দেশ-বিদেশে মানবিক সহযোগিতা, সংকটকালে আইন-শৃঙ্খলা রক্ষা, ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত এলাকায় টহল ও উদ্ধার অভিযান পরিচালনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গৌরবময় ভূমিকা পালনের পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও নৌবাহিনী প্রসংশনীয় অবদান রেখে যাচ্ছে।’

নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নৌবাহিনী প্রধান বলেন, ‘সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।’

পেশা হিসেবে দেশ সেবার এ মহান দায়িত্বকে বেছে নেওয়ায় তিনি নবীন কর্মকর্তা ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান।

এর আগে কুচকাওয়াজ পরিদর্শন করে প্রশিক্ষণ সমাপনকারী কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৩-এ ব্যাচের ২ জন নারীসহ ৩১ জন মিডশিপম্যান সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। এর মধ্যে মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ পেয়েছেন। মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ পেয়েছেন।

কুচকাওয়াজ শেষে সদ্য কমিশন পাওয়া নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ নেন। নৌবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের ইপোলেট পরিয়ে দেন। এছাড়া কুচকাওয়াজ অনুষ্ঠানে নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের বিশেষ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর