Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলাপি ৩৮ কোটি টাকা পরিশোধে নাগরিক ঐক্য’র সভাপতিকে ব্যাংকের নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বগুড়া: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা খেলাটি ঋণ পরিশোধে কল ব্যাক নোটিশ জারি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বগুড়া বড়গোলা শাখা।

মান্না ও তার দুই অংশীদারদের বিরুদ্ধে এ নোটিশ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এই ঋণ পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

গত বুধবার (৩ ডিসেম্বর) শাখা প্রধান তৌহিদ রেজার সই করা নোটিশটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

জানা যায়, আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান মান্না ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ২৫ শতাংশ ও তার স্ত্রী পরিচালক ইসমত আরা লাইজু ২৫ শতাংশের মালিক। ৩ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান ও অন্য অংশীদারদের বিরুদ্ধে পাঠনো কল ব্যাক নোটিশ-এ খেলাপি বিনিয়োগের দায়ে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

ব্যাংকের নোটিশে বলা হয়, ২০১০ সালে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদনের পর প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি। ফলে বর্তমানে বকেয়া বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও খেলাপি ঋণ পরিশোধে কোনো অগ্রগতি না হওয়ায় চূড়ান্ত সতর্কতা হিসেবে নোটিশ পাঠানো হয়েছে। ২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করলে ব্যাংক আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখা প্রধান তৌহিদ রেজা জানান, মাহমুদুর রহমান ঋণ খেলাপি হওয়ার পরেও টাকা পরিশোধে উদ্যোগ নেননি। লাভজনক প্রতিষ্ঠান হলেও তিনি চুক্তিমতো টাকা দেননি। তাই টাকা পরিশোধে নোটিশ দেওয়া হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানের নামে ঋণ আছে এটা সঠিক। তবে চিঠির বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী শিডিউলের মাধ্যমে খেলাপি ঋণ পরিশোধের চেষ্টা করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর