Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫ ১০:০৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চালানোর পর ধোঁয়ার কুণ্ডলি। ছবি: আলজাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৮ ডিসেম্বর) মধ্যরাতে এ হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যেসব এলাকা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ছিল সেখানেই এই হামলা চালানো হয়েছে । মাউন্ট সাফি, জবা শহর, জেফতা উপত্যকা, আজ্জা ও রুমিন আরকির মধ্যবর্তী এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ আছে এমন সন্দেহে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে তাদের এলিট রাদওয়ান ফোর্সের ব্যবহৃত একটি বিশেষ অভিযান প্রশিক্ষণ কম্পাউন্ডও রয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও জানায়, হিজবুল্লাহর ব্যবহৃত বেশ কয়েকটি ভবন এবং একটি রকেট নিক্ষেপের স্থানেও আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইসরায়েল ও লেবানন একটি সামরিক কমিটিতে তাদের বেসামরিক দূত পাঠানোর কয়েকদিনের মধ্যে এই হামলা হলো।

এর আগে শুক্রবার লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার প্রস্তাব গ্রহণ করেছে। আর সেই আলোচনার লক্ষ্য ছিল তার দেশের ওপর ইসরায়েলের অব্যাহত আক্রমণ বন্ধ করা।

ধারণা করা হচ্ছিল, ২০২৪ সালে ওয়াশিংটনের মধ্যস্থতায় বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান ঘটাবে। কিন্তু, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

নভেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে শিশুসহ কমপক্ষে ১২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলেছেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো