Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার, উদ্বিগ্ন না হ‌ওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২০:২৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭

ঢাকা: নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে গ্রাহকদের উদ্বিগ্ন না হ‌তে ব‌লে‌ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মুখপাত্র ।

তিনি বলেন, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সব তথ্য নতুন ব্যাংকের ডাটাবেসে যুক্ত করা হবে। পুরোনো সব গ্রাহকই এখন নবগঠিত ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। নতুন ব্যাংকের আইটি ও এইচআর কাঠামো গড়ে তোলার কাজ চলমান র‌য়ে‌ছে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আইটি টিম তাদের সহায়তা করবেন।

বিজ্ঞাপন

আরিফ হোসেন খান বলেন, প্রথমে যে ব্যাংকের গ্রাহক, তিনি তার নিজের ব্যাংক থেকেই টাকা পাবেন। এক ব্যাংকের গ্রাহককে অন্য ব্যাংক থেকে টাকা দেওয়ার কোন প্রশ্নই আসে না। ডেটা স্থানান্তর সম্পন্ন হলেই ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া শুরু হবে।

নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আজ যদি বলি ১৭ ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে, তাহলে সেদিন পাঁচ ব্যাংকের সব শাখায় ভয়াবহ ভিড় তৈরি হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও সেটি সামাল দেওয়া কঠিন হবে। তাই তারিখ ঘোষণা না করে ধীরে ধীরে টাকা দি‌তে চা‌চ্ছি ।

মুখপাত্র আরও বলেন, নতুন কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকের নামে বাংলাদেশ ব্যাংকে যে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাতে ২০ হাজার কোটি টাকা এরই মধ্যে জমা দেওয়া হয়েছে। ফলে টাকা ফেরত দিতে আর কোনো বাধা নেই।

গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের খুব প্রয়োজন, তারা টাকা তুলবেন। কিন্তু যার প্রয়োজন নেই, শুধু অন্য ব্যাংকে সরানোর উদ্দেশ্যে উত্তোলন না করাই উত্তম। সবাই অপ্রয়োজনে টাকা তুলতে গেলে নতুন ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে না।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর