Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম চলছে। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো টাঙ্গাইলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে শোক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জিয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টাঙ্গাইল জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। অনেকেই একে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলে বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কোরআন খতম, দোয়া মাহফিল, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মতো কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর ও গোপালপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও আবদুস সালাম পিন্টু এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চান।

খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে কোরআন খতম শুরু হয়েছে। সেখানে ১২ জন হাফেজ দ্বারা পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। কোরআন খতম শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহতায়ালার নিকট মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর