Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নব্য জেএমবির এহসার সদস্য আহসান জহীর খান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩

-ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর এহসার সদস্য আহসান জহীর খানকে (৫০) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার সন্ধা ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আহসান জহীর খান নব্য জেএমবি’র সক্রিয় সদস্য । তিনি ও তার অপরাপর পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণের উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিল। তারা অনলাইন প্লাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিভিন্ন অ্যাপস দ্বারা গ্রুপ চ্যাট, পার্সোনাল চ্যাট ও চ্যানেল ইত্যাদির মাধ্যমে ভিন্ন ভিন্ন ছদ্ম নামে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতো।

বিজ্ঞাপন

ডিসি মিডিয়া বলেন, গ্রেফতারকৃত আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর