Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-৯ আসনে কোনো বড় ভাইয়ের দাপট চলবে না: তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬

তাসনিম জারা।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, তিনি নির্বাচিত হলে এই এলাকায় কোনো রাজনৈতিক ‘বড় ভাই’ বা প্রভাবশালী নেতার দাপট সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষ নিজ এলাকায় বুক চিতিয়ে ও সগৌরবে চলাচল করতে পারবেন।

নির্বাচনি প্রচারে অংশ হিসেবে দেওয়া ওই পোস্টে ডা. তাসনিম জারা মাঠের রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে তথ্যের শক্তির ওপর গুরুত্বারোপ করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক প্রভাবশালীদের কীভাবে মোকাবিলা করবেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না। বরং অন্যায়ের ‘রাজনৈতিক মূল্য’ বা পলিটিক্যাল কস্ট বাড়িয়ে দেওয়াই বড় কৌশল।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা জনসম্মুখে নিজেদের অপকর্ম প্রকাশ হয়ে পড়াকে সবচেয়ে বেশি ভয় পায়। কোনো অন্যায়ের ঘটনা যখন নিখুঁতভাবে নথিবদ্ধ করে জনসম্মুখে আনা হয়, তখন রাজনৈতিক দলগুলোই জনমতের চাপে তাদের কর্মীদের সামলে রাখতে বাধ্য হয়। এই কাজ করার জন্য নিজের দুটি বিশেষ সক্ষমতার কথা তুলে ধরেন তিনি। প্রথমত, যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং দ্বিতীয়ত, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার শক্তিশালী নিজস্ব প্ল্যাটফর্ম।

অন্যায়ের ঘটনাগুলোকে ‘পাবলিক রেকর্ড’-এ পরিণত করার ঘোষণা দিয়ে ফুটবল প্রতীকের এই প্রার্থী বলেন, পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো সম্ভব হলেও তথ্য ও জনমতের তৈরি সামাজিক চাপ উপেক্ষা করার সাধ্য কারো নেই। এমনকি বিশ্বের সবচেয়ে কঠোর একনায়করাও জনমতের এই শক্তিকে উপেক্ষা করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। ঢাকা-৯ আসনের ভোটারদের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর