Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানের শীষের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুর থেকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান জাইমা রহমান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিংমলে আসা ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কথা বলেন জাইমা রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”

বিজ্ঞাপন

গণসংযোগে তাকে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতেও দেখা যায়। এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনি বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান।

এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায়। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন।

গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সারাবাংলা/এফএন/এসআর