Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার নাহিদ ইসলামের

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬

-ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে বিজয় অর্জিত হলেও তাদের রাজনৈতিক ও আদর্শিক লড়াই শেষ হয়নি, বরং নতুন করে শুরু হলো।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। এ উপলক্ষে ঢাকা-১১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে—প্রতিটি বাধা অতিক্রম করে।”

তিনি লেখেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই তাকে বিজয়ী করেছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, সব ধরনের হুমকি, ষড়যন্ত্র ও পেশিশক্তির চ্যালেঞ্জ উপেক্ষা করে জনগণ যে সাহস ও ঐক্য দেখিয়েছে, তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ ঢাকা-১১ গড়াই তাদের লক্ষ্য। ওসমান হাদিসহ ‘জুলাই গণহত্যাকারীদের’ বিচার নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং তরুণদের ক্ষমতায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

এটি তার জীবনের প্রথম নির্বাচন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সীমিত সময়ের প্রচারণা সত্ত্বেও জনগণ তার প্রতীক ‘শাপলা কলি’র ওপর আস্থা রেখেছে। তিনি প্রতিশ্রুতি দেন, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের দেওয়া দায়িত্ব পালন করবেন।

সবশেষে তিনি বলেন, “ইনশাল্লাহ, আমরা একসাথে এগিয়ে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।”

সারাবাংলা/এফএন/এসআর