Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গৃহবধূ হত্যা মামলায় ভাসুরের ২ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: গৃহবধূ ফারজানা আক্তার (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান সন্দেহভাজন ও নিহতের ভাসুর মো. সবুজ খলিফাকে (৩৬) দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক তাপস কুমার কুণ্ডু পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেরানীগঞ্জ জিআর শাখার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কেরানীগঞ্জর খেজুরবাগ এলাকার একটি ভাড়া বাসায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠির রাজাপুর থেকে স্বামী রিফাতের সঙ্গে ঢাকায় এসে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন ফারজানা।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, বাসায় অন্য কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে ফারজানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে পলাতক অবস্থায় সবুজ খলিফাকে গ্রেফতার করা হয়।

নিহতের মা ও মামলার বাদী মাকসুদা আক্তার জানান, ঘটনার দিন সন্ধ্যায় তার মেয়ে ফোনে বলেছিলেন, বাসায় স্বামী ও শ্বশুর কেউ নেই, শুধু ভাসুর সবুজ উপস্থিত ছিলেন। পরে রাতে স্বজনদের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান।

মাকসুদা আক্তারের অভিযোগ, সবুজ খলিফাসহ অজ্ঞাত আরও কয়েকজন এই হত্যাকাণ্ডে জড়িত। ঘটনার পর ছদ্মবেশে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, প্রাথমিক অনুসন্ধানে আসামির সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সারাবাংলা/টিএম/এসআর