Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে: প্রসিকিউটর তামিম

স্টাফ করেসপন্ডেট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম – ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে তামিম বলেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, এসব তথ্য অসত্য, বানোয়াট, বিদ্বেষপ্রসূত ও কাল্পনিক। ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

প্রসিকিউটর তামিম আরও বলেন, তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত প্রসিকিউশন টিমের মাধ্যমে জুলাইয়ের গণহত্যা ও গুমের বিচারপ্রক্রিয়া দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা পেয়েছে। এ কারণেই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের সময়ে এমন অপপ্রচার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রতিটি সদস্যের সুনাম ক্ষুণ্ন করবে। এতে লাভবান হবে গণহত্যাকারীরা এবং সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ভুক্তভোগীরা।

এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর