Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে ৩ সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠন

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ১১:০৫ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৩:৫৩

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছে তেহরান।

রোববার (১ মার্চ) ইরানি কর্তৃপক্ষ জানায়, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।

ঘোষণা অনুযায়ী, কাউন্সিলে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, দেশটির বিচার বিভাগের প্রধান এবং শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞ সদস্য। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই ধরনের অন্তর্বর্তী কাঠামোর মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টসের ওপর ন্যস্ত। তবে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এখনই ওই পরিষদকে একত্র করে নতুন নেতা ঘোষণা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, ১৯৮৯ সাল থেকে কঠোর নিয়ন্ত্রণে দেশ শাসন করে আসা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামরিক অভিযানে নিহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযানে তেহরান, ইসফাহানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিরোধমূলক হামলা চালায়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর