Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালন আখড়াবাড়িতে দোল উৎসব শুরু সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৩:২৫ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৫:০৭

কুষ্টিয়া: বাউল শিরোমণি ফকির লালন সাঁই-এর দোল উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে বসবে সাধুসঙ্গ। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন থাকছে অনেকটাই সীমিত।

আধ্যাত্মিক সাধক লালন সাঁই জীবদ্দশায় দোলপূর্ণিমার রাতে ভক্ত-শিষ্যদের নিয়ে সাধুসঙ্গে মিলিত হতেন। তার দেহত্যাগের পর সেই রেওয়াজ ধরে রেখে প্রতিবছর আয়োজন করা হয় দোল উৎসব। কিন্তু এবার রমজান মাসের কারণে অনুষ্ঠানসূচি সংক্ষিপ্ত করেছে লালন অ্যাকাডেমি।

এবার আখড়াবাড়ি প্রাঙ্গণে থাকছে না গ্রামীণ মেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধুমাত্র ভক্ত-অনুসারীরা তাদের নিজস্ব রীতি অনুযায়ী সাধুসঙ্গের মধ্য দিয়েই পালন করবেন উৎসব। লালন অনুসারীরাও জানান, বাহ্যিক জাঁকজমক না থাকলেও সাধুসঙ্গের মাধ্যমে লালনের জাতপাতহীন মানবতার বাণী ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা বলছেন, আয়োজন ছোট হলেও আধ্যাত্মিক পরিবেশেই তারা স্বস্তি খুঁজে পান। তাদের মতে, লালনের দর্শন ও সাধুসঙ্গই এই উৎসবের মূল আকর্ষণ।

এরইমধ্যে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা আখড়াবাড়ি প্রাঙ্গণে খণ্ড খণ্ড আসন গেড়ে বসেছেন। প্রচার করছেন লালনের অসাম্প্রদায়িক ও অহিংস দর্শন।

লালন আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান রিপন জানান, রমজানের কারণে এবার আয়োজন সীমিত রাখা হয়েছে। তবে ভক্তদের অংশগ্রহণে সাধুসঙ্গ যথাযথভাবেই অনুষ্ঠিত হবে। সাদামাটা আয়োজনের কারণে এবার হয়তো লাখো ভক্তের ঢল দেখা যাবে না ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে, তবুও আধ্যাত্মিক আবহেই পালিত হবে দোল উৎসব।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর