Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তদারকি প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৭:৫৪

প্রধানমন্ত্রী তারেক রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বিস্তারিত খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চলমান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এ প্রেক্ষাপটে বৈঠকে বিমান চলাচল, যাত্রী ব্যবস্থাপনা এবং প্রবাসীদের সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, সে বিষয়েও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন এবং বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীকেও এ কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখা হয়েছে।

প্রসঙ্গত সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হন। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, সাম্প্রতিক ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর