Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় পাচারের সময় ৭১ টন সরকারি টিএসপি সার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৫:২২

ভোলা: ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ ৪টি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরমান নামে এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী আলাদা দুইটি ফেরি থেকে সারবোঝাই এসব ট্রাক জব্দ করা হয়।

পুলিশ ও সার গুদাম কতৃপক্ষ জানায়, ভোলার সার গুদাম থেকে বরিশাল বিভাগের সকল জেলায় সরকারিভাবে সার বিতরণ করা হয়। জব্দ করা সারগুলো বরিশাল ও বরগুনায় যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিক্তিতে লক্ষ্মীপুরগামী সুফিয়া কামাল নামক ফেরি থেকে ৩টি ও কুসুমকলি ফেরি থেকে ১টিসহ মোট চারটি সার বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। তবে ৩টি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

সারগুলো গতকাল ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল ও বরগুনা যাওয়ার জন্য ট্রাকে লোড করা হয়েছিল। তবে সার বিএডিসি গুদামের বাহিরে গেলে সে দায়িত্ব তাদের নয় বলে দাবি করেন ভোলা সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজ। তিনি বলেন, সারগুলো গুদাম থেকে ট্রাকে লোড হওয়ার কাগজ আমাদের কাছে রয়েছে। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা আমরা জানিনা।

ভোলা সদরের ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম বলেন, অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরির জন্যেই ভোলা থেকেই সারগুলো অন্যত্র পাচার করছিল বলে জানা গেছে। গোপন সংবাদের ভিক্তিতে দুইটি ফেরিতে থাকা মোট ৪টি ট্রাক থেকে ৭১ টন সার টিএসপি সার জব্দ করেছি, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। আরমান নামে একজন ট্রাকচালকে পুলিশ হেফাজতে নিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর