Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ তরুণ হত্যায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৬ এপ্রিল

স্টাফ করেসপন্ডেট
৮ মার্চ ২০২৬ ১৬:৩১ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৮:২৫

ঢাকা: রাজধানীর মিরপুরের কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন এবং অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চান। পরে ট্রাইব্যুনাল আগামী ৬ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ ফেব্রুয়ারি পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। সেই অনুযায়ী রোববার তাদের হাজির হওয়ার কথা ছিল।

মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন সাবেক আইজিপি একে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া।

পলাতক অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

এর আগে গত ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এসআর