Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৩:১৪ | আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৪:৩৯

ঢাকা: ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। রোববার (২২ মার্চ) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে সময় মতো ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। আজ সারাদিনে ঢাকা থেকে ছেড়ে যাবে ৩২টি আন্তঃনগর ট্রেন।

ঈদের আগে যাত্রীদের চাপ বেশি থাকায় অনেকেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন ঈদের পরেই। তুলনামূলক ভিড় কম থাকায় ভোগান্তিহীন যাত্রা করতে পারছেন যাত্রীরা। তারা বলছেন, ঈদের পরের ছুটির সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান তারা।

এ ছাড়া, স্বজনদের সঙ্গে ঈদের দিন কাটিয়ে আজ অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। সোমবার (২৩ মার্চ) থেকে ঢাকায় ফেরত আসা যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, এবারের ঈদ যাত্রাটা স্বস্তির ছিল, শেষ মুহুর্তে এসে কুমিল্লায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এর প্রভাব যাতায়াতে পড়েনি, এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ বেশি দেখা গেছে। রেলওয়ে সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। সকালবেলায় ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটিতে আসনসংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে দেখা যায়। ট্রেনের ভেতরে তো বটেই, দরজার সামনে, সংযোগস্থল এমনকি ছাদেও যাত্রী উঠতে দেখা গেছে।

সারাবাংলা/একে/ইআ