Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী হওয়ার নির্দেশ ইসি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৬:১৯

ঢাকা: ‎চলমান জ্বালানি সংকট মোকাবেলা করতে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারের নির্দেশনার পর এবার ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী হতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার ২৪ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

‎কর্মকর্তারা জানান, চলতি মাসের মাসিক সমন্বয় সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী হতে সচিবালয়ে ও মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের নির্দেশনা দেন। এক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে রাখার নির্দেশ দেন তিনি। জ্বালানি তেল সাশ্রয়ে প্রয়োজনের বাইরে গিয়ে গাড়ি ব্যবহার না করার জন্য তিনি অনুরোধ করেন।

‎মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গত কয়েক সপ্তাহ ধরেই জ্বালানি তেলের সংকট রয়েছে। ইতোমধ্যে সরকার জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী হতে নির্দেশনা জারি করেছে। সরকারকে সহযোগিতা করতেই আমাদের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় ১১ নির্দেশনা জারি করে সরকার।

‎নির্দেশনাগুলো হলো-

‎ ১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে।

‎২. জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

‎৩. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে।

‎৪. প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

‎৫. অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

‎৬. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ‎২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

‎৭. অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

‎৮. অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

‎৯. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

‎১০. অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

‎১১. যাবতীয় আলোকসজ্জা পরিহার, গাড়ির ব্যবহার সীমিত করা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসআর