Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উখিয়া সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৭:৪৭

মাইন বিস্ফোরণে আহত কিশোর।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়ে তার একটি পা হারিয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় নাফ নদীর শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫)। সে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

উখিয়া (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে তিনি জানান, আব্দুল হাকিম নাফ নদীতে মাছ ধরার পর তীরে উঠছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

তিনি জানান, বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় আরেকটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এফ ৫’ ব্লকের বাসিন্দা।

সীমান্তবর্তী এলাকায় এমন একাধিক বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত সীমান্তে নিরাপত্তা জোরদার এবং সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর