Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৫:০১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৬:০১

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে চীনা বিনিয়োগ এগিয়ে নেয়ার বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং তার টিমের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিডার চেয়ারম্যানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার চীন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চীন দূতাবাস জানিয়েছে, এই আলোচনা বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) ঘোষিত যৌথ ১৮০ দিনের পরিকল্পনায় নির্ধারিত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

আলোচনার একটি প্রধান বিষয় ছিল চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত ৭৩৮ একর আয়তনের চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড), যা বেজার অগ্রাধিকারভুক্ত উদ্যোগগুলোর একটি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই জোনের অগ্রগতি চীনা বিনিয়োগকারীদের কাছে একটি শক্তিশালী ইতিবাচক বার্তা দেবে।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীনা বিনিয়োগকারীদের নীতি ধারাবাহিকতা ও বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা নিশ্চিত করতে প্রস্তুত বাংলাদেশ সরকার।

আলোচনায় প্রয়োজনীয় অবকাঠামো, বাংলাদেশ–চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি, এবং বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগের জন্য চীনে বিডার একটি বিদেশি অফিস প্রতিষ্ঠার কার্যক্রম নিয়েও কথা হয়।

পাশাপাশি, বাংলাদেশের রেশম খাতে প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে চীনের কারিগরি সহায়তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

চীনা অংশীদারদের সঙ্গে এই অগ্রগতিকে বাস্তব ফলাফলে রূপ দিতে বিডা ও বেজা একসঙ্গে কাজ করে যেতে আগ্রহী।

সারাবাংলা/একে/এসআর