Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৯:২১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২২:৩০

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলা নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে এই আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে এবং পুনরায় বাংলামোটরের নেভি গলিতে এসে শেষ হয়।

এ আয়োজনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

– ছবি : সংগৃহীত

শোভাযাত্রা চলাকালীন এক পর্যায়ে এনসিপির শীর্ষ দুই নেতা আসিফ মাহমুদ ও সারজিস আলমকে রিকশা চালাতে দেখা যায়, যা উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ঐতিহ্যবাহী নকশার পোশাকে সজ্জিত হয়ে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। উৎসবে আসা অনেককে গাল ও হাতে রঙতুলির আঁচড়ে ‘শুভ নববর্ষ’ লিখিয়ে নিতে দেখা গেছে, আবার অনেকে এই রঙিন মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত ছিলেন সেলফি ও ছবি তোলায়।

– ছবি : সংগৃহীত

শোভাযাত্রার পাশাপাশি দলের সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলামোটরের নেভি গলিতে আয়োজিত এই উৎসবে বাউল গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে দেশীয় ঐতিহ্যের নানা দিক ফুটিয়ে তোলা হয়। মেলা প্রাঙ্গণে বসেছে বাহারি খাবারের দোকান ও মাটির তৈজসপত্রের সমারোহ।

বাঙালিয়ানার অনুষঙ্গ হিসেবে মেলায় রয়েছে বায়োস্কোপ, মুড়ি-মুড়কি এবং জিলাপির বিশেষ আয়োজন। তবে উৎসবের আমেজ থাকলেও সরকারি নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে সন্ধ্যা ৬টার আগেই মেলার সকল কার্যক্রম শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছ। এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান জানান, জননিরাপত্তা ও সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের বর্ণিল এই আয়োজন সমাপ্ত করবেন। সব মিলিয়ে আনন্দঘন পরিবেশ এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি নতুন বছরকে স্বাগত জানিয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর