Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনটিআরসিএ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আর বাধা নেই

স্টাফ করেসপন্ডেট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:১৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৯

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জারি করা হাইকোর্টের স্থগিতাদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল নির্ধারিত এই পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, একই নিয়োগ পরীক্ষার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। যেখানে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিম অন্তর্ভুক্ত ছিলেন। পরে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিতের আবেদন করলে চেম্বার আদালত তা মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর করা রিটের ভিত্তিতেই হাইকোর্ট প্রথমে পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশের ১৩ হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। তখন প্রার্থীদের জন্য ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

তবে আবেদন প্রক্রিয়া শুরুর কিছুদিন পরই সংশ্লিষ্ট নীতিমালায় পরিবর্তন আনা হয়। নতুন নিয়ম অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে শিক্ষকদের কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যা নিয়ে প্রার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর