Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভার্চ্যুয়াল কোর্টে এখনো কোনো সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেট
২২ এপ্রিল ২০২৬ ২০:৪৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২২:৫২

ঢাকা: আপিল বিভাগের ভার্চ্যুয়াল কোর্টে সাম্প্রতিক কার্যক্রম আগের দিনের তুলনায় বেশি গতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনায় এখন পর্যন্ত তিনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি।

বুধবার (২২ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের বিচারব্যবস্থা পরিচালনার সার্বিক সিদ্ধান্ত প্রধান বিচারপতির ওপর নির্ভরশীল। আদালতের কার্যপ্রণালী নির্ধারণ, বিচারকদের দায়িত্ব বণ্টনসহ সব বিষয়ে প্রধান বিচারপতিই চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তার মতে, সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত ৭ এপ্রিল প্রধান বিচারপতি আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠকে ভার্চ্যুয়াল কোর্ট চালুর বিষয়টি তুলে ধরেন। মূলত জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হতে শুরু করেছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই ব্যবস্থা আপাতত সাময়িক। যদি এতে কোনো অসুবিধা দেখা দেয়, তাহলে তা প্রধান বিচারপতিকে জানানো হবে। আবার সবাই যদি এতে অভ্যস্ত হয়ে ওঠেন, সেটিও বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজন শেষ হলে পুনরায় পুরোপুরি সশরীরে আদালত পরিচালনায় ফিরে যাওয়া হবে।

তিনি আরও যোগ করেন, আগের দিনের তুলনায় আজ ভার্চ্যুয়াল কোর্টে আপিল বিভাগের কার্যক্রম আরও গতিশীল বলে তার কাছে মনে হয়েছে।

এর আগে, গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে। আর রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিন আদালতের কার্যক্রম চলবে সশরীরে।

এছাড়া ভার্চ্যুয়াল কোর্টে মামলার দৈনন্দিন কার্যতালিকা ও সংশ্লিষ্ট মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো