Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগদে মিলবে ডাক জীবন বিমার কিস্তি পরিশোধ সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৮:১৬ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: এখন থেকে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ডাক জীবন বিমার প্রিমিয়াম বা কিস্তি পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা। এ সুবিধা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ ও নগদ।

বুধবার (৬ মে) রাজধানীর ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি সই করা হয়।

চুক্তিতে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার মোহা. আব্দুল হান্নান ও প্রদীপ কুমার এবং নগদের পক্ষে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম সই করেন।

চুক্তির আওতায় ডাক জীবন বিমার সব ধরনের পলিসি—আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহ বিমার কিস্তি এখন থেকে নগদের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ডাক জীবন বিমা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। সেবাটিকে আরও আধুনিক ও সহজলভ্য করতে কাজ চলছে। নগদের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুযোগ চালু হওয়ায় গ্রাহকেরা দ্রুত ও ঝামেলামুক্ত সেবা পাবেন এবং ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও এগিয়ে যাবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, মানুষের দৈনন্দিন জীবন সহজ করাই তাদের লক্ষ্য। ডাক জীবন বিমার মতো পুরোনো ও জনপ্রিয় সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার ফলে গ্রাহকের ভোগান্তি কমবে এবং সময় সাশ্রয় হবে।

সারাবাংলা/এসএ/এসআর